
প্রকাশিত,২১, ফেব্রুয়ারি,২০২৩
শুভ বসাক, ময়মনসিংহ:
ময়মনসিংহে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ। মঙ্গলবার সকালে নগরীর টাউন হল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আ'লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু ও ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনি।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহীন আলম, যুগ্ম আহ্বায়ক ফাহিম ফেরদৌস ফুয়াদ, সদস্য মাহমুদ শাহারিয়ার মিশু, রাসেল সীমান্ত, নাহিদ হাসান রাব্বি, আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ মোস্তফা কামাল, ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের আহ্বায়ক প্রসেনজিৎ বড়ুয়াসহ মহানগর ছাত্রলীগ ও বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীরা। মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনি বলেছেন, ভাষা আন্দোলন আমাদের চেতনার সাথে মিশে আছে।
বলা হয়ে থাকে ভাষা আন্দোলন হচ্ছে মুক্তিযুদ্ধের সূতিকাগার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন জুলুম নিপীড়নের শিকার হন। এভাবে তিনি একটি স্বাধীন দেশের স্বপ্নে এগিয়ে যান। তাই বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে ভাষা আন্দোলনের চেতনা আমাদের ধারণ করতে হবে।