
প্রকাশিত,০৬, ডিসেম্বর,২০২২
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কাপাসিয়ায় আন্তঃজেলা গাড়ি চোর চক্রের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। উদ্ধার হয়েছে চুরি হওয়া পিকআপ। সোমবার দিবাগত রাত সোয়া বারোটায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় পুলিশ।
এর আগে সোমবার রাত ১১ টা পর্যন্ত বিভিন্ন সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মো. নাহিদ (২৪), মামুন মিয়া(৪০), আরিফুল ইসলাম (২১), মোঃ সাগর (১৯), মোঃ আসাদুল (২০) ও মোঃ ইয়ামিন(২০) ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত দুই ডিসেম্বর কাপাসিয়া থানা এলাকার বাস স্ট্যান্ড থেকে সোহেল বন্দুকসি নামের এক ব্যক্তির পিকআপ চুরি হয়। এ ঘটনায় তিনি থানায় মামলা দায়ের করেন। এরপর পিকআপ উদ্ধারে পুলিশ তৎপর হয়। বিভিন্ন এলাকায় চালানো হয় অভিযান। এর মধ্যেই খবর পাওয়া যায়, চুরি যাওয়া পিকআপটি কাপাসিয়ার আমরাইদ এলাকায় একটি পেট্রোল পাম্পের কাছে দেখা গেছে। পরে কাপাসিয়া থানার এসআই মিরাজ আহমেদের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এতে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের ৩ সদস্য সহ পিকআপটি উদ্ধার হয়। পরে আটককৃতদের দেওয়া তথ্য অনুযায়ী তাদের আরও তিন সঙ্গীকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটক করা হয়। আটককৃতরা আন্তঃজেলা গাড়ি চোর চক্রের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত বলে স্বীকার করেছে। একসঙ্গে তারা মাদক ব্যবসার সঙ্গেও জড়িত বলে জানিয়েছেন।
কাপাসিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, আন্তঃজেলা সংঘবদ্ধ গাড়ি চোর দলের সদস্যদের আটকসহ বাদীর চুরি যাওয়া পিকাপটি উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের দলীয় অপরাপর আরও তিনজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সংঘবদ্ধ গাড়ি চোর দলের সদস্য বলে স্বীকার করে। তাছাড়া তারা মাদক ব্যবসাসহ বিভিন্ন প্রকার অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত বলেও তথ্য জানায়। গাড়ি চোর চক্রের ৬ জনকে আটক করে তাঁদের মঙ্গলবার সকালে আদালতে পাঠানোর হয়েছে।
এসএম মাসুদ