সিরাজদিখানে পারিবারিক বিরোধের জেরে হামলা, আহত ৩


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-১০-০৩, ২:৫১ অপরাহ্ন /
সিরাজদিখানে পারিবারিক বিরোধের জেরে হামলা, আহত ৩
print news || Dailydeshsomoy

প্রকাশিত

আজাদ নাদভী, স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পারিবারিক বিরোধের জেরে চায়ের দোকানি ও তার স্ত্রী-কন্যাকে এলোপাথাড়ি মারধরের অভিযোগ উঠেছে। এতে তারা গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর তাজপুর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে মোঃ জামাল শেখ (৪৫) স্থানীয়ভাবে একটি চায়ের দোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ করেন। তার অভিযোগ, ছোট ভাই মোঃ কামাল শেখ (৩৮), তার স্ত্রী কুলসুম বেগম (৩০) ও কন্যা লামিয়া আক্তার (১৫) দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত।
জামাল শেখ অভিযোগে উল্লেখ করেন, বুধবার (০২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে কামাল শেখ তার কাছে মাদকের টাকা দাবি করে। তিনি অস্বীকার করলে কথা কাটাকাটির একপর্যায়ে কামাল শেখ, স্ত্রী ও মেয়েকে নিয়ে বাবার বসতবাড়িতে ঢুকে তাকে, তার স্ত্রী জেয়াসমিন এবং মেয়ে মীমকে অশ্লীল ভাষায় গালাগাল করে ও এলোপাথাড়ি কিল-ঘুষি-থাপ্পড় মেরে জখম করে। পরে তাদের ডাকচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
পরে স্থানীয়দের সহায়তায় আহতরা সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এ বিষয়ে ভুক্তভোগী জামাল শেখ তিনজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করেছেন।
এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক (ওসি) বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।