আক্রমণ ভোগাচ্ছে স্পেনকে, জার্মানিকে রক্ষণ


দেশ সময় প্রকাশের সময় : ২০২০-১০-১৪, ১১:৪০ পূর্বাহ্ন / ১৩
আক্রমণ ভোগাচ্ছে স্পেনকে, জার্মানিকে রক্ষণ
print news || Dailydeshsomoy

ম্যাচের শেষ দিকে রক্ষণ বাদ দিয়ে সার্জিও রামোসকে ওপরে খেলতে দেখা গেল। ওই কয় মিনিটে রামোস স্ট্রাইকার হিসেবে যেভাবে খেলছিলেন, আগের আশি মিনিটে দলের একজন ফরোয়ার্ডও অত ভালো খেলেননি বলে স্পেন-সমর্থকেরা দাবি করতেই পারেন! দলটির এখন সবচেয়ে বড় সমস্যা এটাই। আক্রমণভাগে প্রতিভার অভাব নেই। কিন্তু আসল সময়েই গোল করতে ভুলে যাচ্ছেন রদ্রিগো মোরেনো, আদামা ত্রায়োরে কিংবা মিকেল ওয়ারজাবালরা। স্পেন-ফরোয়ার্ডদের ব্যর্থতার এই দিনে জয় তুলে নিয়েছে ইউক্রেন। নিজেদের মাঠে ১-০ গোলে জিতেছে তাঁরা। গোল পেয়েছেন দিনামো কিয়েভের উইঙ্গার ভিক্টর সিগানকোভ।

স্পেনের মাথাব্যথা যেখান আক্রমণভাগ নিয়ে, ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে সেখানে ভোগাচ্ছে রক্ষণভাগ। উয়েফা নেশনস লিগের আগের ম্যাচেই ইউক্রেনকে হারিয়ে আসরের প্রথম জয় তুলে নেওয়া জার্মানরা গত রাতে সুইজারল্যান্ডের বিপক্ষে আবারও ঢুকে গেছে জয়হীন বৃত্তে। নিজেদের মাঠে হারতে হারতে কোনোরকমে ৩-৩ গোলে ড্র করেছে তাঁরা।

নিজেদের মাঠে প্রথমেই বিপাকে পড়েছিল জার্মানরা। ২৬ মিনিটের মধ্যেই দুই গোলে পিছিয়ে পড়ে তারা। ৪-৪-২ ছকে সামনে দুজন শক্তিশালী স্ট্রাইকার মার্কো গাভরানোভিচ ও হারিস সেফেরোভিচকে খেলানোর সুফল পেয়েছে সুইসরা। এই দুজনকে সামলাতে রীতিমতো খাবি খেয়েছে জার্মান রক্ষণভাগ। ছয় মিনিটে দিনামো জাগরেবের স্ট্রাইকার গাভরানোভিচের সুযোগসন্ধানী এক হেডে এগিয়ে যায় সুইসরা। গোল হজমের পর গোরেৎস্কা, হাভের্তজ কিংবা ভের্নার আক্রমণ চালালেও গোলমুখের সামনে কিছুই করতে পারেননি। উল্টো ১৫ মিনিটে আরেকটা ভালো সুযোগ পেয়ে গিয়েছিলেন গাভরানোভিচ। গোল হয়নি। ২৬ মিনিটে দ্বিতীয় গোল করেন আতালান্তার মিডফিল্ডার রেমো ফ্রয়লার। জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে সামনে এগিয়ে আসতে দেখে দুর্দান্ত এক লবে গোল করেন এই মিডফিল্ডার, চেলসির ডিফেন্ডার আন্তোনিও রুডিগার এগিয়ে গিয়েও নাগাল পাননি বলের।

২৮ মিনিটে মাঝমাঠ থেকে একরকম একক কৃতিত্বে বল নিয়ে গিয়ে গোল করে আসেন টিমো ভেরনার, ব্যবধান কমায় জার্মানি। ৩৫ মিনিটে রাইটব্যাক রবিন গোসেনসের এক শট দুর্দান্তভাবে আটকে দেন সুইস গোলরক্ষক ইয়ান সোমার। ৪৯ মিনিটে কাই হাভার্টজের এক শট পোস্টে না লাগলে তখনই সমতায় চলে আসত জার্মানরা। সে আক্ষেপ নিয়ে অবশ্য বেশিক্ষণ থাকতে হয়নি এই মৌসুমেই বায়ার লেভারকুসেন থেকে চেলসিতে আসা এই ফরোয়ার্ড। ৫৫ মিনিটে তাঁর গোলেই সমতায় ফেরে জার্মানি।